spot_img

চীনাদের ‘অদম্য লড়াইয়ের মানসিকতা’ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

দেশের জনগণকে ‘অদম্য লড়াইয়ের মানসিকতা’ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে ১৯৮৯ সালের তিয়ানআনমেন গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেওয়া সিদ্ধান্তের প্রশংসা করেছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) চীনের সাবেক নেতা জিয়াং জেমিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন শি। ১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করা জিয়াং ২০২২ সালে মারা যান।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার কর্মকর্তা ও প্রতিনিধির সামনে শি বলেন, চীন কঠিন সময়ের মুখোমুখি হলেও দেশটি কোনো ধরনের সংকটে ভেঙে পড়বে না।

তিনি বলেন, ‘অদম্য লড়াইয়ের মানসিকতা ও অসাধারণ সক্ষমতা নিয়ে আমরা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করব—তা উত্তাল সমুদ্রই হোক কিংবা ভয়াবহ ঝড়।’

শি আরও বলেন, ‘আমাদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করতে হবে। এর মাধ্যমে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সামাজিক স্থিতিশীলতার দুটি বড় অর্জনে নতুন অধ্যায় রচনা করতে হবে।’

ভাষণটির গুরুত্ব বোঝাতে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানের ফুটেজে দেশটির ক্ষমতাধর পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যকেই উপস্থিত থাকতে দেখা যায়। সাবেক দলীয় ও রাষ্ট্রীয় নেতারাও অনুষ্ঠানে ছিলেন।

১৯৮৯ সালের তিয়ানআনমেন গণতন্ত্রপন্থী আন্দোলনের সময়ই জিয়াং জেমিনের উত্থান শুরু হয়। ওই বছরের ৪ জুন চীনা সেনাবাহিনী ট্যাংক ও ভারী অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর অভিযান চালালে বহু মানুষ নিহত হন। ঘটনাটি চীনের ইতিহাসের অন্যতম স্পর্শকাতর রাজনৈতিক অধ্যায় হিসেবে বিবেচিত।

প্রায় ৪৫ মিনিটের ভাষণে শি জিয়াংয়ের বিভিন্ন অর্জনের প্রশংসা করেন। এর মধ্যে তিয়ানআনমেনের বিক্ষোভ দমনের প্রসঙ্গও ছিল, যা চীনের সরকারি বক্তব্যে খুব কমই সরাসরি উল্লেখ করা হয়।

শি বলেন, ‘১৯৮৯ সালের বসন্ত ও গ্রীষ্মের মধ্যবর্তী সময়ে চীন একটি গুরুতর রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায়। কমরেড জিয়াং জেমিন দৃঢ়ভাবে কেন্দ্রীয় কমিটির সঠিক সিদ্ধান্তকে সমর্থন ও বাস্তবায়ন করেন এবং সাংহাইয়ে স্থিতিশীলতা কার্যকরভাবে বজায় রাখেন।’

১৯৮৯ সালের এপ্রিলে সাবেক কমিউনিস্ট পার্টি নেতা হু ইয়াওবাংয়ের মৃত্যুর পর বিক্ষোভ শুরু হয়। উদারপন্থী হিসেবে পরিচিত হুয়ের মৃত্যুতে ব্যাপক শোক প্রকাশের পর হাজারো শিক্ষার্থী বেইজিংয়ের রাস্তায় নেমে গণতান্ত্রিক সংস্কারের দাবি জানায়। কয়েক সপ্তাহ ধরে তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভ চলার পর ৪ জুন সেনাবাহিনী অভিযান চালায়।

বিক্ষোভ দমনের পর জিয়াং জেমিন অপ্রত্যাশিতভাবে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন। তার পূর্বসূরি ঝাও জিয়াং বিক্ষোভকারীদের প্রতি তুলনামূলকভাবে সহানুভূতিশীল ছিলেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়। ১৯৯৩ সালের মধ্যে জিয়াং চীনের সর্বময় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন।

জিয়াংয়ের জীবনী নিয়ে গত সপ্তাহে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ১২ পর্বের একটি প্রামাণ্যচিত্রেও বিক্ষোভ দমনে তার সমর্থনের বিষয়টি তুলে ধরা হয়। তবে সেখানে তিয়ানআনমেন হত্যাকাণ্ডের কোনো দৃশ্য দেখানো হয়নি। চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত ইন্টারনেটে ওই ঘটনার ছবি ও আলোচনা এখনো ব্যাপকভাবে সেন্সর করা হয়।

জিয়াংয়ের শাসনামলে চীনের অর্থনীতি দ্রুত এগিয়ে যায় এবং দেশটি বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের সমর্থনে চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়। এরপর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হয় এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কও একসময় উন্নত হয়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক বাণিজ্যিক বিরোধ এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে বাণিজ্য সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাইওয়ানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সোমবারের ভাষণে শি চীনের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘জনগণের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হচ্ছে।’

অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে এলেও শি বলেন, ‘চীনা জাতির মহান পুনর্জাগরণের সম্ভাবনা উজ্জ্বল এবং যে স্বপ্নের জন্য বহু প্রজন্ম অবিচল সংকল্প নিয়ে চেষ্টা করেছে, তা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে।’

তথ্যসূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

ভারতীয় ভিসা প্রত্যাশীদের ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন। সোমবার (১ আগস্ট) এক বার্তায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ