spot_img

তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অবশ্যই পরুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর মধ্যে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে। জবি ও রাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

তবে এখনো তিন বিশ্ববিদ্যালয়ের কেউই চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। ভর্তি-সংক্রান্ত উপকমিটির সভায় সম্ভাব্য তারিখগুলো নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ‘আইবিএ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ৫ ডিসেম্বর। এরপর ১২ ডিসেম্বর ‘বিজ্ঞান’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ২২ ডিসেম্বর ‘চারুকলা’ ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি ২০২৭। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টায় এবং চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সময়সূচি অনুযায়ী, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ১ জানুয়ারি। চারুকলা অনুষদের ‘ই’ ইউনিটের পরীক্ষা ৮ জানুয়ারি, কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৫ জানুয়ারি, বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটের পরীক্ষা ২২ জানুয়ারি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। উপকমিটির সুপারিশ অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এসব তারিখ এখনো সম্ভাব্য। চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তি আবেদন ও পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এলে সেটিই কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ

ভারতীয় ভিসা নিয়ে হাইক‌মিশনের জরুরি সতর্কবার্তা

ভারতীয় ভিসা প্রত্যাশীদের ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকার পরামর্শ দি‌য়ে‌ছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন। সোমবার (১ আগস্ট) এক বার্তায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ