বলিউড তারকা গোবিন্দের সঙ্গে তার স্ত্রী সুনীতা আহুজার বচসা যেন থামছেই না। কখনও পরকীয়া দায়ে অভিযুক্ত করছেন, কখনও ব্যর্থ স্বামী বলে ঘোষণা করছেন। এবার তো গোবিন্দকে সুগার ড্যাডি বলে কটাক্ষ করলেন। সেইসঙ্গে ধুয়ে দিলেন অভিনেতার কথিত প্রেমিকাকে।
সম্প্রতি বিমানবন্দরে গোবিন্দের সঙ্গে এক তরুণীকে দেখা গেছে। কোমল রানি স্বর্ণকার নামের সে তরুণীকে অনেকেই অভিনেতার প্রেমিকা বলে দাবি করছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের ছবি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুললেন সুনীতা।
গোবিন্দ-কোমলের ছবি ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন করলে সুনীতা বলেন, “আগে তো ছবিটা তৈরি হতে হবে! ছবি তৈরি হওয়ার পরেই তো প্রচার হয়। কিন্তু প্রচার ছাড়াই যদি সব হয়ে যায়, তা হলে আর কী বলব?”
স্বামী গোবিন্দের রুচিবোধ নিয়েও বিস্ময় প্রকাশ করেন সুনীতা। বলেন, “মেয়ের বয়সী মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু লজ্জা তো হওয়া উচিত। একটু মানসম্মান ও রুচি তো থাকা দরকার!”
এরপরই পতিকে সুগার ড্যাডি বলে সম্বোধন করে কমলকে কটাক্ষ করে বলেন, “তোমার ‘সুগার ড্যাডি’ এত ধনী, অন্তত ভাল পোশাক পরো। আমাদের দেখো, আমরা কী ভাবে সাজগোজ করে চলি।”
ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা কোমল অভিনেত্রী হলেও তেমন পরিচিতি ছিল না তার। গোবিন্দের সঙ্গে নাম জড়াতেই সোশ্যাল মিডিয়ার চেনামুখে পরিণত হয়েছেন। শোনা যাচ্ছে, অভিনেতার নতুন ছবি ‘রূপা’ এবং ‘দুনিয়াদারি’-তে নাকি অভিনয় করতে দেখা যাবে তাকে।

