হরমুজ প্রণালীকে ঘিরে যুদ্ধপূর্ব পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইরানের তেহরানভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আলী আকবর দারেইনি। তার দাবি, অঞ্চলটির ভূ-রাজনৈতিক বাস্তবতা ইতোমধ্যে বদলে গেছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দারেইনি বলেন, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ প্রশাসন নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে এবং দুই দেশ একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তবে এই প্রক্রিয়ার অন্যতম বড় বাধা হলো যুক্তরাষ্ট্রের চাপ। ওয়াশিংটনের সঙ্গে আরও ঘনিষ্ঠ অবস্থান নেওয়ার জন্য ওমানের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে বলে দাবি করেন তিনি।
দারেইনির মতে, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে অবস্থিত বিভিন্ন ঘাঁটি থেকে চালানো মার্কিন হামলার পর হরমুজ প্রণালীর ওপর ভবিষ্যৎ নিয়ন্ত্রণকে ইরান জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ফলে প্রণালীটির প্রশাসন ও নিরাপত্তা নিয়ে তেহরানের অবস্থান আগের তুলনায় আরও কঠোর হয়েছে।
তিনি বলেন, ইরান ও ওমানের চলমান আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য বর্তমান ‘জটিল পরিস্থিতি’ থেকে বেরিয়ে আসার একটি ভালো সুযোগ তৈরি করেছে। এ ক্ষেত্রে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ইরান ও ওমানকে প্রধান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে আসতে পারে।
ইরানি এই গবেষক আরও বলেন, ‘হরমুজ প্রণালীর পক্ষে যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতিতে ফেরার কোনো উপায়ই নেই। এই অঞ্চলের ভূ-রাজনীতি বদলে গেছে।’
দারেইনির বক্তব্য এমন সময়ে এল, যখন গুরুত্বপূর্ণ এই নৌপথের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র আল জাজিরা

