প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হারিয়েছে আয়ারল্যান্ড। এখন তাদের প্লে-অফ বা কোয়ালিফায়ার টুর্নামেন্ট খেলে মূল পর্বে যাওয়ার পথ তৈরি করতে হবে। ব্র্যাডিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে।
বর্তমানে পুরুষদের ওয়ানডে র্যাংকিংয়ের ১১ নম্বরে আয়ারল্যান্ড। তাদের সামনে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। এর জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখের আগে আফগানিস্তানকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে হতো এবং একই সাথে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুটি ওয়ানডে ম্যাচেই হারের প্রয়োজন ছিল। তাহলেই কেবল তারা র্যাংকিংয়ে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে পেছনে ফেলে সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে পারত।
আয়ারল্যান্ড ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল। সেবার কোয়ালিফায়ারের ‘সুপার সিক্স’ পর্যায় থেকেই তারা বাদ পড়েছিল।
আয়ারল্যান্ডকে এখন ১০ দলের কোয়ালিফায়ার টুর্নামেন্টে অংশ নিতে হবে। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলটি সরাসরি বিশ্বকাপের মূল গ্রুপে জায়গা করে নেবে। অন্যদিকে কোয়ালিফায়ারে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হওয়া দলগুলো ‘সুপার সিরিজ’ নামে বিশ্বকাপের প্রথম রাউন্ডে লড়াই করবে। এই সুপার সিরিজের শীর্ষ দলটি মূল ১২ দলের পর্বে পৌঁছাবে।
১০ দলের কোয়ালিফায়ার টুর্নামেন্টটিতে অংশ নেবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী ওয়ানডে র্যাংকিংয়ের নিচের সারির দুটি পূর্ণ সদস্য দেশ (আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া); ক্রিকেট বিশ্বকাপ লিগ ২ থেকে শীর্ষ ৪টি দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে আসা শীর্ষ ৪টি দল।
এই প্লে-অফ টুর্নামেন্টে মুখোমুখি হবে সিডব্লিউসি লিগ ২-এর পয়েন্ট টেবিলের নিচের ৪টি দল এবং চ্যালেঞ্জ লিগ (যা মূলত ক্রিকেটের তৃতীয় বিভাগ) থেকে আসা ৪টি দল। প্লে-অফ টুর্নামেন্টের ফরম্যাট এখনও নির্ধারিত হয়নি, তবে ৮ দলের এই লড়াই থেকে শীর্ষ ৪টি দল বিশ্বকাপ কোয়ালিফায়ারে উন্নীত হবে।
চ্যালেঞ্জ লিগে মোট ১২টি দল দুটি পুলে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি দল এই চক্র জুড়ে তিনটি রউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতি পুলের শীর্ষ দুটি দল যাবে বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে।

