spot_img

জুলাইয়ের অর্জনকে কেন্দ্র করে কেউ যেন ফায়দা হাসিল করতে না পারে: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তবে জুলাইয়ের চেতনা ও অর্জনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএফপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনা জুলাইয়ের আত্মত্যাগের চেতনার মধ্যেই নিহিত রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে মুক্তিযুদ্ধের অবদান ভুলে যাওয়া যাবে না।

তিনি আরও বলেন, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে দলের চেয়ারপারসন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আমাদের অসংখ্য নেতাকর্মীকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে অসীম শ্রদ্ধায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে দেশবাসী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে সফল হয়েছে। এখন দেশ গড়ার কাজ চলছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুলাই শহীদ দিবস বিষয়ক প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ