জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কথিত মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি চিঠিতে দাবি করেন, রোববার স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটের দিকে যুক্তরাষ্ট্রের বাহিনী খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন কারুন (দারখোভিন) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইরাভানির ভাষ্য অনুযায়ী, ইরানের ব্যাপক সুরক্ষা চুক্তির আওতায় স্থাপনাটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষাব্যবস্থার অধীন রয়েছে এবং সেখানে পরিচালিত সব কার্যক্রম পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সম্পূর্ণ শান্তিপূর্ণ।
তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের জুনে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ আগ্রাসনের পর থেকে আইএইএ-সুরক্ষিত ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর এটি ১৮তম হামলা। এ জন্য তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘নিষ্ক্রিয়তা’ ও ‘দ্বৈত নীতিকে’ দায়ী করেন।
চিঠিতে ইরাভানি বলেন, আইএইএ-র তত্ত্বাবধানে থাকা একটি বেসামরিক পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব, আইএইএ-র সংবিধি এবং সংস্থাটির সাধারণ সম্মেলনের সিদ্ধান্তের গুরুতর লঙ্ঘন।
তিনি উল্লেখ করেন, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার ওপর সশস্ত্র হামলা বা হামলার হুমকি আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য বলে বহুবার স্বীকৃত হয়েছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান ১৯ জুলাই আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছেও চিঠি পাঠিয়েছেন বলে জানান তিনি।
চিঠিতে ইরান নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে পুনর্ব্যক্ত করতে, যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সব ধরনের হামলা ও হুমকি বন্ধ করতে বাধ্য করতে এবং এসব কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করতে। সূত্র- আনাদুলু

