বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর দীর্ঘ নীরবতা ভেঙেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় ফাইনালে পরাজয়ের বেদনা প্রকাশের পাশাপাশি সতীর্থদের লড়াই, সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
ফাইনালের কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপের রুপার পদক গলায় ঝুলানো একটি ছবি প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এই ফুটবল তারকা। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় পুরো বিশ্বকাপ যাত্রার মূল্যায়ন করেন মেসি।
বার্তার শুরুতেই তিনি লেখেন, ‘কষ্টটা অনেক বড়, এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।’ এত কাছে গিয়েও বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার যন্ত্রণা এভাবেই তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে হতাশার মাঝেও দলের অর্জনকে সামনে আনতে ভোলেননি তিনি। মেসি লিখেছেন, ‘আমরা যেভাবে লড়ে অনেক ম্যাচ ঘুরিয়ে জিতেছি, সেগুলো চিরদিন মনে থাকবে। পুরো দেশের সমর্থন, আর এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’
ফাইনালের ফল দিয়ে পুরো দলের মূল্যায়ন না করার আহ্বানও জানান তিনি। মেসির ভাষায়, ‘আজ হয়তো আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।’ ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালেও ফাইনালে ওঠাকে তিনি দলের ধারাবাহিকতার বড় প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান মেসি। তিনি লেখেন, ‘প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমরা আবারও একটি জাতি হিসেবে একসঙ্গে দাঁড়াতে পেরেছি। সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।’
বার্তার শেষ অংশে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে মেসি লেখেন, ‘স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই।’
এই বার্তার মধ্য দিয়েই হয়তো বিশ্বকাপে নিজের দীর্ঘ পথচলার সমাপ্তি টানলেন মেসি। টুর্নামেন্ট চলাকালেই তিনি জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তার বিশ্বকাপ ক্যারিয়ারে রয়েছে ২০২২ সালে শিরোপা জয়, ২০১৪ সালে রানার্সআপ হওয়া এবং ২০২৬ সালে আবারও ফাইনালে ওঠার কৃতিত্ব।

