ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠতে পারলে তা হবে নিজের ১৯তম জন্মদিনের সেরা উপহার, এমনই মন্তব্য করেছেন লামিন ইয়ামাল। খবর আল জাজিরার।
সেমিফাইনালকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) সংবাদ সম্মেলনে ইয়ামাল জানান, ফ্রান্সকে তিনি ভয় পান না। বরং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।
গত সপ্তাহে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল বলেছিলেন, সাম্প্রতিক ফলাফলের কারণে স্পেনের চেয়ে ফ্রান্সেরই বেশি ভয় পাওয়ার কথা।
সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা তো কেবল মাত্র ফুটবল, ভয়ের কিছুই নেই এখানে।
ইয়ামাল জানায়, জন্মদিন উপলক্ষ্যে একটি রত্নখচিত নেকলেস কিনেছে। কিন্তু এখনও তেমন কোনো উপহার পাননি। সবচেয়ে ভালো উপহার হবে মঙ্গলবারের জয় এবং নিউইয়র্কে ফাইনাল খেলার সুযোগ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটিমাত্র গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষে গোল করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।
এ নিয়ে তিনি বলেন, আমি গোল নিয়ে বেশি ভাবি না। তবে এমন ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটাই সেই ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে। দর্শকদের জন্য আমরা একটি দারুণ ম্যাচ উপহার দিতে চাই।
সেমিফাইনালের গুরুত্ব স্বীকার করলেও চাপ অনুভব করছেন না বলে দাবি করেন ইয়ামাল। তার ভাষায়, জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি। কোনো বাড়তি চাপ অনুভব করছি না। সব সময়ের মতো মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

