spot_img

সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী: এপি

অবশ্যই পরুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। সোমবার (১৩ জুলাই) চালানো এ হামলাকে সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের মধ্যে নতুন এক উত্তেজনাপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

হুতিদের দাবি, একই দিনে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের বিমান হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা হামলা চালিয়েছে। হুতিদের অভিযোগ, সৌদি হামলায় সানার বিমানবন্দর লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

এ পর্যন্ত সৌদির আবহা বিমানবন্দরে হামলায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কয়েক বছর আগে সৌদি নেতৃত্বাধীন জোট হুতি নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এবারই দুই পক্ষের মধ্যে সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনা দেখা দিল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে, ইয়েমেনে সরকার জানিয়েছে, সানার আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেয়া। যদিও এ বিষয়ে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর প্রতি সৌদি আকাশসীমা ব্যবহার না করার আহ্বান জানান। তিনি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

সানার বিমানবন্দরে হামলার পরপরই প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল হুতিরা। পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও। সোমবার জরুরি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেন, ইয়েমেন ও পুরো মধ্যপ্রাচ্য আরেক দফা সংঘাতের ভার বহন করার অবস্থায় নেই।

তিনি সব পক্ষকে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় ফিরে এসে সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। বিশ্লেষকদের আশঙ্কা, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

সর্বশেষ সংবাদ

এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি: ত্রাণমন্ত্রী

এখনও বন্যায় ক্ষয়ক্ষতি নিরুপণ করা হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ