ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উৎসর্গ করে চার গানের একটি বিশেষ মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার ও পিয়ানোবাদক আদনান সামি। সম্পূর্ণ নতুন ও মৌলিক এই গানগুলোর মূল ভাবধারা গড়ে উঠেছে নেতৃত্ব, মানসিক দৃঢ়তা এবং স্মরণের ওপর ভিত্তি করে।
আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত কোনো দক্ষিণ এশীয় সংগীতশিল্পীর পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে এভাবে গানের সংকলন উৎসর্গ করার ঘটনা অত্যন্ত বিরল। আর এ কারণেই আদনান সামির এই নতুন প্রজেক্টটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সংগীত জগতে দীর্ঘ কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন আদনান সামি। এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি ভারতের অন্যতম সম্মানজনক বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে একাধিক আন্তর্জাতিক ও জাতীয় মিউজিক অ্যাওয়ার্ড।
চিরাচরিত রোমান্টিক বা পপ ধারার বাইরে গিয়ে ভূরাজনৈতিক ও ধর্মীয়ভাবে প্রভাবশালী এক ব্যক্তিত্বকে নিয়ে আদনান সামির এই নিরীক্ষাধর্মী কাজ বর্তমান আন্তর্জাতিক সংগীতাঙ্গন ও শ্রোতামহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রজেক্টটির সুর ও আবহ বিশ্বমানের হলেও এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে ইতিমধ্যে নানা মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।
সূত্র: সামা টিভি

