spot_img

ইরানের পর তুরস্ককেই বড় কৌশলগত চ্যালেঞ্জ মনে করছে ইসরায়েল: জেরুজালেম পোস্ট

অবশ্যই পরুন

তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘এফ-৩৫’ যুদ্ধবিমান বিক্রির সম্ভাব্য সিদ্ধান্তের বিরোধিতায় প্রকাশ্যে অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দাবি, তুরস্কের সামরিক সক্ষমতা আরও বাড়লে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একাধিক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের প্রভাব কমে আসার পর তুরস্ক অঞ্চলটির অন্যতম প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। তার অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্কের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং দেশটি শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করছে না।

নেতানিয়াহুর ভাষ্য, তুরস্কের হাতে ‘এফ-৩৫’ যুদ্ধবিমান গেলে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। তিনি বলেন, আকাশে ইসরায়েলের কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখাই দেশটির নিরাপত্তার অন্যতম ভিত্তি।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এরদোয়ানকে ‘অসাধারণ নেতা’ বলে মন্তব্য করেন। ন্যাটো সম্মেলনের ফাঁকে তিনি জানান, তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিবাচক। তবে পরে তিনি স্পষ্ট করেন, তুরস্কের কাছে ‘এফ-৩৫’ বিক্রির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু মনে করছেন, সিদ্ধান্তটি এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। সে কারণেই তিনি যুক্তরাষ্ট্রের প্রশাসন ও কংগ্রেসে এ বিষয়ে বিরোধিতা জোরদারের চেষ্টা করছেন।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের আশঙ্কা, ইরানের প্রভাব কমে যাওয়ার ফলে সৃষ্ট কৌশলগত শূন্যতা পূরণে তুরস্ক আরও সক্রিয় হতে পারে। ইতোমধ্যে সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি, নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণ এবং গাজায় প্রভাব বাড়ানোর প্রচেষ্টাকে ইসরায়েল গুরুত্বের সঙ্গে দেখছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, তুরস্কের কাছে ‘এফ-৩৫’ বিক্রির বিরোধিতায় ইসরায়েল একা নয়। গ্রিস ও সাইপ্রাস দীর্ঘদিন ধরেই আঙ্কারার নীতির সমালোচক। এছাড়া আর্মেনীয়-আমেরিকান বিভিন্ন সংগঠনও তুরস্কের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিপক্ষে অবস্থান নিয়ে আসছে।

উল্লেখ্য, রাশিয়ার তৈরি ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে ‘এফ-৩৫’ কর্মসূচি থেকে আগেই বাদ দেয় যুক্তরাষ্ট্র। এ অবস্থায় যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটনে নতুন করে আলোচনা শুরু হওয়ায় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সর্বশেষ সংবাদ

নতুন শত্রু খুঁজছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ানোর কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে তিনি অভিযোগ করেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ