পর্তুগালের সামনে এখন রাউন্ড অফ সিক্সটিনের বাধা। পরের ম্যাচে প্রতিপক্ষ স্পেন। বিশ্বকাপ আসরে সুপারস্টার রোনালদোকে নিয়ে তার সমর্থকদের চাওয়া-পাওয়ার হিসাবের খাতাটা একটু গোলমেলে। কেউ শেষের দিকের পারফরম্যান্সে খুশি। কারও মন এখনও ভরেনি। তবে, সম্প্রতি রোনালদোর এক ভিডিও বার্তা হৃদয় ছুঁয়েছে অনেকের।
সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে লা গুইরা রাজ্যের এক পা হারিয়েছেন ১২ বছর বয়সী আন্দ্রেস মিয়েলেস নামের এক কিশোর। সে প্রায় ৮০ ঘণ্টা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার পর জীবিত উদ্ধার হয় এবং এই দুর্যোগে পরিবারের একাধিক সদস্যকেও হারায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটাই ইচ্ছা ছিল, বিশ্বকাপ অ্যালবামের জন্য রোনালদোর অফিশিয়াল স্টিকার পাওয়া।
আলজাজিরা’র খবরে বলা হয়, এই সংবাদ পৌঁছে যায় পর্তুগাল অধিনায়কের কাছে। পরে ছেলেটির জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করেন রোনালদো, যেখানে তিনি শিশুটির দ্রুত সুস্থ হওয়ার আশা প্রকাশ করেন। পাশাপাশি তাকে নিজের একটি ম্যাচে আমন্ত্রণও জানান তিনি।
রোনালদো বলেন, ‘হাই আন্দ্রেস, কেমন আছো? তোমাকে শুভকামনা জানাতে এই ভিডিওটা বানাচ্ছি। তুমি সুস্থ হয়ে ওঠো। আমার একটা ম্যাচ দেখতে তোমাকে আমন্ত্রণ জানাতে চাই।’
হাসপাতালের বিছানায় চিকিৎসাকর্মীদের ঘিরে থাকা অবস্থায় ভিডিওটি দেখার মুহূর্তে খুশিতে ঝলমল করে ওঠে ছোট্ট আন্দ্রেসের মুখ, যা মন ছুঁয়ে গেছে লাখো মানুষের।

