খামেনির রক্তের প্রতিশোধের আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি।
শুক্রবার (৩ জুলাই) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। মূলত, তেহরানে খামেনির শেষকৃত্যানুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
আমির হাতামি বলেন, ‘আরও দৃঢ় প্রত্যয়ে আমরা ইরানি জাতির শত্রু: আমেরিকা এবং অপরাধী জায়নিস্ট শাসনব্যবস্থাকে জানিয়ে দিচ্ছি, শহীদ নেতা খামেনির রক্তের প্রতিশোধ আমরা নেব।’
গত ২৮ ফেব্রুয়ারি, ইরানে চালানো এক বিমান হামলায় খামেনি সিনিয়র নিহত হন। তেহরানের দাবি, ওই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে চালিয়েছিল। ইরানের ভাষ্য, ওই হামলার পরই দেশটির বিরুদ্ধে যুদ্ধের সূচনা হয়।
খামেনির মৃত্যুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে আসছে তেহরান। সর্বশেষ সেনাপ্রধানের এই বক্তব্য সেই অবস্থানকেই আরও জোরালোভাবে তুলে ধরল।

