প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় সভার পর এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। চীনের মান্যবরের সঙ্গে জনাব তারেক রহমান সাক্ষাৎ করেছেন, বৈঠকে হয়েছে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। এই বৈঠকের পর আবার আলাদাভাবে একান্ত বৈঠক এটা নজিরবিহীন।’
‘এই একান্ত বৈঠকের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারেন, আমাদের প্রধানমন্ত্রীকে কতটুকু গুরুত্ব দেন এবং বাংলাদেশকে কীভাবে চীনের রাষ্ট্রপতি তথা চীনের সরকার দেখে থাকে’ বলেন হুমায়ুন কবির।
বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক বসে। এর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।

