ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরেছে জার্মানি। তবে, ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
এদিন শুরুতেই এগিয়ে যায় জার্মানি। নিউ জার্সির মাঠে ম্যাচ যখন মাত্র ২ মিনিট, তখনই ইকুয়েডরের ডিফেন্সকে ভেঙে বক্সের ভেতর থেকে এক দর্শনীয় বাঁকানো শটে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে নেন ফরোয়ার্ড লিরয় সানে।
তবে ৯ম মিনিটে মাঠে এক অবিশ্বাস্য রূপকথার জন্ম দেন ইকুয়েডরের নিলসন আনহুলো। বক্সের ভেতর বল পেয়ে এক নিখুঁত ও জোরালো শটে পরাস্ত করেন জার্মান দেয়াল ম্যানুয়েল নয়্যারকে। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পেল ইকুয়েডর।
প্রথমার্ধের বাকি সময়ে দুই দল আর কোনো গোল করতে না পারায় ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় জার্মানি। তবে একের পর এক আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় জার্মান ফরোয়ার্ডরা।
ম্যাচের ৭৭তম মিনিটে কর্নার থেকে বলে পা ছুইঁয়ে গঞ্জালো প্লাতা গোল করলে লিড পায় ইকুয়েডর। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে দক্ষিণ আমেরিকার দলটি।

