spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম

অবশ্যই পরুন

মালয়েশিয়া সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের আগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেল থেকে মোটর শোভাযাত্রায় পুত্রজায়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। সকাল ৯টায় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিনী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।

আনুষ্ঠানিক অনুষ্ঠানে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।

সংবর্ধনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আনুষ্ঠানিকতা শেষে দুই নেতা ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় একান্ত বৈঠকে মিলিত হন, যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুত্রজায়ার প্রধান সড়ক ও সরকারি স্থাপনাগুলো বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সজ্জিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের মাদানী স্কয়ারেও দুই দেশের পতাকা সারিবদ্ধভাবে উত্তোলন করা হয়, যা সফরের প্রতি বিশেষ সম্মান ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সরকার কাউকে গুম করেনি, ভবিষ্যতেও কাউকে করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সরকার কাউকে গুম করেনি এবং ভবিষ্যতেও কাউকে গুম করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি নতুন গুম আইনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ