সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশসেবায় নিয়োজিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড বিসিএস পুলিশ অফিসার্স (এআরবিপিও)।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর ইস্কাটনে পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সাধারণ সভায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনটিকে কার্যকরভাবে পরিচালনার জন্য ড. এম আকবর আলীকে আহ্বায়ক এবং এম মাহবুব আলম, পিপিএমকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কর্মরত পুলিশ সদস্যদের মানসিক ও শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনটির গঠনতন্ত্র ও গঠনপ্রক্রিয়া অনুমোদন দেওয়া হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, মর্যাদা, ঐক্য ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি একটি সুসংগঠিত, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠন গড়ে তোলার বিষয়ে সবাই একমত পোষণ করেন।
নতুন এই প্ল্যাটফর্ম অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতাকে জননিরাপত্তা, পুলিশিং, অপরাধ প্রতিরোধ, সুশাসন ও সমাজকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
সততা, দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে সভা শেষ হয়।

