ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, বর্তমানে গাজার ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সেটি ৭০ শতাংশে উন্নীত করতে তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তবে এই ঘোষণা এমন সময়ে এলো, যখন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন ও শান্তি পরিকল্পনা নিয়ে ইসরায়েল-হামাসের আলোচনা অচলাবস্থার মধ্যে রয়েছে। খবর বিবিসি
এ সময় উপস্থিত একজন ‘১০০ শতাংশ’ বলে মন্তব্য করলে নেতানিয়াহু কিছুক্ষণ থেমে বলেন, ‘ধাপে ধাপে এগোই। প্রথমে ৭০ শতাংশ। সেখান থেকেই শুরু করি। আমরা সব দিক থেকে তাদের চাপে রাখছি। বাকি অংশও আমরা মোকাবিলা করব।’
গাজায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাস ওই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল।
এছাড়া নেতানিয়াহু এ মন্তব্য এমন সময়ে করলেন যখন যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। একই সময়ে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তা অচলাবস্থায় রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে মনে করে।
নেতানিয়াহু এর আগেও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। অথচ ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির সময় এই হার ছিল ৫৩ শতাংশ। চুক্তি অনুযায়ী, আইডিএফ ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত একটি সীমারেখা পর্যন্ত সরে যায়। এর ফলে গাজার প্রায় ৫৩ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকে।
২০ দফার শান্তি প্রস্তাবের পরবর্তী ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা স্থবির হয়ে আছে।
গত বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক্সে দেয়া পোস্টে বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নেতৃত্বে যারা ছিল, তাদের সবাইকে নির্মূল করার অঙ্গীকার করেছে তার দেশ। তিনি বলেন, ‘হামাস গাজায় বেসামরিক বা সামরিক কোনোভাবেই শাসন করতে পারবে না’। তিনি আরও বলেন, গাজা থেকে ‘স্বেচ্ছায় অভিবাসনের পরিকল্পনা’ যথাসময়ে এবং যথাযথ উপায়ে বাস্তবায়ন করা হবে।
ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এর আগেও প্রকাশ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের তথাকথিত ‘স্বেচ্ছা স্থানান্তর’ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের পক্ষে অবস্থান নিয়েছেন। সমালোচকদের মতে, এটি বেসামরিক জনগণকে জোরপূর্বক উচ্ছেদের শামিল হতে পারে এবং তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হবে।

