আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কোলোনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে- চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে (এএফএ) চুক্তি রয়েছে তার। এ নিয়ে ফুটবলপাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বেশ জোর দিয়ে দাবি করছে, নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে দেখা যেতে পারে স্কালোনিকে।
কেউ কেউ বলছে- স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নাকি স্কোলোনিকে তাদের ডাগআউটে কোচ হিসেবে পেতে চায়। এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন স্কোলোনি নিজেই।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার এই গুঞ্জনকে একদমই পাত্তা দেননি স্কালোনি। ‘রেডিও লা রেড’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আর্জেন্টাইন কোচ পরিষ্কার জানিয়েছেন, এই বিষয়ে তার সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি।
স্কালোনি বলেন, ‘মিডিয়া বা সংবাদমাধ্যম কী লিখল, তা নিয়ে মন্তব্য করা আমার সাজে না। রিয়ালের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার সমস্ত মনোযোগ ও চিন্তা এখন শুধুই আর্জেন্টিনা দলকে ঘিরে।’
ক্লাব ফুটবলের চেয়ে জাতীয় দলের দায়িত্বই তাকে বেশি টানে জানিয়ে স্কালোনি বলেন, ‘জাতীয় দল আমাকে যে আনন্দ ও মানসিক শান্তি দেয়, সেটি কোনো ক্লাব দিতে পারবে না। নিজের মাতৃভূমিতে থাকতে পারা এবং সন্তানদের সবসময় চোখের সামনে দেখতে পাওয়া এক অন্যরকম সুন্দর অনুভূতি। বর্তমান বিশ্বকাপ মিশন শেষ হলে তখন দেখা যাবে সামনে কী করা যায়।’
উল্লেখ্য, ২০১৮ সালে যখন স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নেন, তখন তিনি ছিলেন একেবারেই অনভিজ্ঞ ও অপরীক্ষিত একজন কোচ। সেখান থেকে দীর্ঘ আট বছরের সফল পথচলায় আলবিসেলেস্তেদের বদলে দিয়েছেন তিনি। বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলগতভাবে একের পর এক বড় সাফল্য পেয়েছে। তার ছোঁয়ায় মেসিরা ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসীমা, ২০২২ সালের কাতার বিশ্বকাপ এবং সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকার ট্রফি জিতেছে। দলগত এই অর্জনের পাশাপাশি ব্যক্তিগতভাবেও স্কালোনির ঝুলিতে উঠেছে অন্তত ৬টি সেরা কোচের পুরস্কার।
স্বভাবতই এমন একজন সফল কোচকে যেকোনো বড় ক্লাবই নিজেদের ডাগআউটে স্বাগত জানাতে চাইবে।

