ঈদুল আজহা উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি রাশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে মুসলিম সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেছেন।
ক্রেমলিন প্রকাশিত এক শুভেচ্ছাবার্তায় পুতিন বলেন, শতাব্দীপ্রাচীন ইসলামী ঐতিহ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই উৎসব বিশ্বাসীদের দয়া, ন্যায়বিচার, করুণা ও ধর্মপরায়ণতার দিকে আহ্বান জানায়।
তিনি বলেন, “আপনারা পূর্বপুরুষদের নির্দেশনা ও শতাব্দীপ্রাচীন ঐতিহ্য অনুসরণ করে এই প্রাচীন উৎসব ব্যাপকভাবে উদযাপন করছেন, যা বিশ্বাসীদের ইসলামের মূল শিক্ষার দিকে ফিরিয়ে নিয়ে যায়।”
পুতিন বলেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের জনজীবনে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষ করে পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা এবং শিক্ষা ও মানবিক কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, “অবশ্যই মাতৃভূমির রক্ষক ও তাদের পরিবারের সদস্যদের সহায়তায় আপনাদের কর্মকাণ্ড গভীর কৃতজ্ঞতার দাবি রাখে।”
সূত্র: আনাদলু

