যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনাকে ইসরায়েল নস্যাৎ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য সমঝোতা ঠেকাতে ইসরায়েল বিভিন্ন পদক্ষেপ নিতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাঘাই বলেন, “জায়নবাদী সত্তা (ইসরায়েল) চুক্তিকে ভণ্ডুল করতে সর্বোচ্চ চেষ্টা করছে এবং আমরা ইসরায়েলের পক্ষ থেকে কিছু পদক্ষেপের আশঙ্কা করছি।”
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোন আলাপ এবং চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
বাঘাই বলেন, “কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যুদ্ধ ও সংঘাত উসকে দেওয়া দেশগুলোর বক্তব্য, যার মধ্যে ইসরায়েলও রয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হচ্ছে এবং সেগুলো মার্কিন কর্মকর্তাদের অবস্থানের ওপরও প্রভাব ফেলতে পারে।”
এদিকে তিনি জানান, বর্তমানে পাকিস্তান সফর বা পাকিস্তানি কর্মকর্তাদের তেহরান সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই।
ইরানের এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং পারমাণবিক ইস্যু নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকা ও সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা বাড়ছে।

