পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।

