মার্কেট ও দোকান পাটের ময়লা আবর্জনা সড়কে যত্রতত্র ছড়িয়ে না রেখে একটি পাত্রে রাখলে শহর পরিছন্ন রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
শুক্রবার (২২ মে) সকালে এলিফ্যান্ট রোডে একটি রেস্টুরেন্টে পাটের ব্যাগ দ্বারা কোরবানীর পশুর বর্জ্য অপসারণ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হৃদয়ে এলিফ্যান্ট রোড সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, পরিছন্নতা বজায় রাখতে জনগণ ও সিটি করপোরেশন সমান সমান দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি, জনগণের জন্য দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন করতে হলে এখন থেকেই জনগণের পাশে থাকতে হবে।
তিনি জানান, কোরবানীর বর্জ্য থেকে নগরের পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার দেওয়া হবে ৪৬ টন, স্যাভলন দেওয়া হবে ১ হাজার ৫০ লিটার। এছাড়া কোরবানীর পশুর বর্জ্য রাখতে দেওয়া হবে ১ লাখ ৪০ হাজার ব্যাগ। যা আজ থেকে বিতরণ শুরু হয়েছে বলেও জানান তিনি।
এসময় অন্তবর্তী সরকারের সামালোচনা করে তিনি বলেন, হামের টিকা না থাকায় শিশু মারা যাচ্ছে। পাশাপাশি, অন্তর্বর্তী সরকার ১৮ মাসে দেশকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন মো. আব্দুস সালাম।

