বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির মূল দায়িত্ব ছিল পরিচালনা পর্ষদের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। সেই লক্ষ্যেই আরও এক ধাপ এগিয়ে গেল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত ১৭ মে ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, এবার কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় থাকা সবাই কাউন্সিলর হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বিসিবির এই নির্বাচন। তবে এবারের তালিকায় বড় ধরনের রদবদল লক্ষ্য করা গেছে। মাত্র আট মাস আগে অনুষ্ঠিত নির্বাচনের কাউন্সিলরদের বড় অংশই এবার বাদ পড়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাতটি বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছেন যথাক্রমে— ঢাকার সাঈদ বিন জামান, চট্টগ্রামের সহিদুর রহমান, রাজশাহীর সৈয়দ আমিনুল হক দেওয়ান, রংপুরের মোহাম্মদ সামসুজ্জামান সামু, খুলনার চৌধুরী শফিকুল ইসলাম, বরিশালের (ফরচুন বরিশালের মালিক) মিজানুর রহমান এবং সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী। তবে দেশের অন্য সারির বিভাগ ময়মনসিংহের কোনো প্রতিনিধির নাম এই তালিকায় স্থান পায়নি।
এ ছাড়া দেশের ৬৪টি জেলার মধ্যে ৫৯টি জেলার প্রতিনিধি চূড়ান্ত করা হলেও বাকি ৫টি জেলা থেকে কাউকে কাউন্সিলর করা হয়নি। জেলাগুলো হলো— কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী ও মুন্সিগঞ্জ।
ঘোষিত চূড়ান্ত তালিকায় ক্যাটাগরি-১ থেকে ৬৬ জন, ক্যাটাগরি-২ থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৪২ জন কাউন্সিলর হয়েছেন।
ক্রিকেটারদের মধ্য থেকে সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে কাউন্সিলর হিসেবে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (CWAB) প্রতিনিধি হিসেবে আছেন সাবেক ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
অন্যদিকে সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে যে ১০ জন কাউন্সিলর হয়েছেন, তারা হলেন— নাফিস ইকবাল, নাজিম উদ্দীন, তালহা জুবায়ের, নাইম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন অমি এবং শামসুর রহমান শুভ। বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল নিজে কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে।
ঐতিহ্যবাহী ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে আবাহনী লিমিটেড থেকে ফাহিম সিনহা, মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে মাসুদুজ্জামান, ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরি, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শাহনিয়ান তানিম এবং ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর মনোনীত হয়েছেন।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এখন প্যানেল গঠন এবং নির্বাচনী প্রচারণা নিয়ে ক্লাব পাড়া ও ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে তোড়জোড় শুরু হয়েছে।

