ফিফা বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে ইরাক ও মরক্কোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টেক জায়ান্ট গুগল। এবারের বিশ্বকাপে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনি দুই দলের অফিসিয়াল টেক স্পন্সর হিসেবে কাজ করবে। মঙ্গলবার (১২ মে) আনুষ্ঠানিকভাবে এই এই অংশীদারিত্বের ঘোষণা দেয় তারা। খবর আরব নিউজের।
গুগল এক বিবৃতিতে জানায়, এই স্পন্সরশিপ গুগলের অত্যাধুনিক কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অঞ্চলের সমৃদ্ধ ক্রীড়া সংস্কৃতিকে উদযাপন করবে এবং দর্শকদের অভিজ্ঞতাকে নতুনভাবে রূপান্তর করবে। এছাড়া আরব বিশ্বের ফুটবলকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আকর্ষণীয় করে তোলাই তাদের মূল লক্ষ্য।
তারা আরও জানায়, এই চুক্তির ফলে মাঠের খেলার পারফরম্যান্সের চেয়েও দর্শকদের সম্পৃক্ততার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে। কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করে দলগুলোর সঙ্গে বিশ্বজুড়ে তাদের সমর্থকদের সংযোগ আরও ঘনিষ্ঠ করা হবে।
আগামী তিন মাসে গুগল ও দুই দেশের ফুটবল ফেডারেশন তাদের সমর্থকদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম চালু করবে। এর মধ্যে জেমিনির টেক্সট-টু-ইমেজ মডেল ‘ন্যানো বানানা’ ব্যবহার করে সমর্থকরা নিজেদের পছন্দমতো উৎযাপনের ছবি বা গ্রাফিক্স বানাতে পারবেন এবং ‘লিরিয়া’ নামের টেক্সট-টু-মিউজিক মডেল ব্যবহার করে দলের জন্য থিম সং তৈরি করতে পারবেন। এছাড়া ফুটবলের জটিল নিয়মকানুন সহজভাবে বুঝতে, ম্যাচ বিশ্লেষণ করতে এবং পরবর্তী ম্যাচের ফলাফল নিয়েও আগাম ধারণা করতে পারবেন।
এই চুক্তি আরব অঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক ক্রীড়া স্পন্সরশিপের প্রথম একটি অন্যতম বড় পদক্ষেপ। এদিকে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে হতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলের বিশাল ভক্তগোষ্ঠীতে টেক কোম্পানিগুলো নিজেদের অবস্থান শক্ত করতে আগ্রহী হয়ে উঠছে।
উল্লেখ্য, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনালে পৌঁছানোর পর অঞ্চলটির সমর্থক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মরক্কো ছিল প্রথম আফ্রিকান ও আরব দেশ, যারা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়।

