চলমান যুদ্ধবিরতির মধ্যেই আরও একটি রক্তক্ষয়ী দিন পার করলো লেবানন। ২৪ ঘণ্টায় দফায় দফায় হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের।
শনিবার (৯ মে) লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা বিবিসি।
এতে বলা হয়, দেশটির দক্ষিণের সিডন অঞ্চলের এক শহরে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলায় নিহত হয়েছে শিশুসহ কমপক্ষে ৭ জন। আরও কিছু এলাকায় ড্রোন ও গাইডেড মিসাইলের আঘাতে হতাহতের শিকার বহু বেসামরিক। ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি জরুরি নির্দেশনা জারি করে উচ্ছ্বেদ করা হচ্ছে স্থানীয়দের।
ওয়াশিংটনের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনার পরই লেবাননে হামলা জোরদার করেছে আইডিএফ। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত আইডিএফের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫শ’। অপরদিকে, ইসরায়েলি বেশকিছু এলাকা লক্ষ্য করেও পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ।
উল্লেখ্য, গত এক সপ্তাহে লেবাননে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৫ জন।

