কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগে আওয়ামী লীগের সময়েও ছিল। তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। এই সংসদে আমরা শুধু মতপ্রকাশ নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই।
আজ রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২১তম দিনে এসব কথা বলেন হাসনাত।
তিনি বলেন, এতো রক্ত, লড়াই, ত্যাগের পর এই সংসদ গঠিত হলেও আমরা তখন খুব আশাহত হই, যখন এই সংসদ দোষারোপ, ট্যাগিং, বিরোধী মত দমনের দিকে চলে যাচ্ছে। ক্যাম্পাস আবার অস্থিতিশীল হচ্ছে, বিরোধী দল-মত দমনের নামে মামলা হচ্ছে। প্রতিমন্ত্রীর নামে লেখার কারণে বাসা থেকে তুলে আনা হচ্ছে। হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে আনা হচ্ছে। আমরা আবার আগের সংস্কৃতিকে চলে যাচ্ছি।
হাসনাত আরও বলেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে স্যাটায়ার, মোকারি কার্টুন শেয়ার করে প্রমোট করছে, সেখানে সংসদ গঠিত হওয়ার পর এমন ৯টা ঘটনা ঘটছে, যে কারণে বাসা থেকে তুলে আনা হয়েছে।
এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, আমরা এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই। আমরা নির্ভয়ে ফেসবুকে ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না। কিন্তু আবার ভয়ের আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

