উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে টেকসই সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাস্কাটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে উভয়পক্ষ সংশ্লিষ্ট সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনায় সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উপসাগরীয় সংকটের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানে সুলতানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওমানে বসবাসরত সাত লাখের বেশি বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার জন্য ওমান সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। জবাবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়ন ও দৈনন্দিন জীবনে বাংলাদেশিদের অবদানকে প্রশংসা করেন।
এ সময় উভয় দেশ দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করে। বিশেষ করে ওষুধশিল্প, খাদ্য ও কৃষি, এবং বন্দরভিত্তিক লজিস্টিকস খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তার ওমানি সমকক্ষকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

