হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যে আপাতত বাণিজ্যিক জাহাজ চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি ‘স্টেনা বাল্ক’। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিক হানেল সাফ জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কার্যকর শান্তি চুক্তি ছাড়া এই ঝুঁকি নেবে না তার কোম্পানি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক হানেল বলেন, “বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আমাদের জাহাজ চলাচলের কোনো সুযোগ নেই। এই পথে পুনরায় জাহাজ চালানোর আগে আমাদের অবশ্যই ইরান এবং যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের কাছ থেকেই শতভাগ নিরাপত্তার গ্যারান্টি প্রয়োজন।”
স্টেনা বাল্কের সিইও আরও জানান, মাত্র কয়েক সপ্তাহ এমনকি গত সপ্তাহ পর্যন্তও তারা আশা করেছিলেন পরিস্থিতির উন্নতি হবে এবং স্বল্প সময়ের মধ্যে জাহাজ চলাচল স্বাভাবিক হবে।
কিন্তু বর্তমান পরিস্থিতিকে ‘অচল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, কেবল একটি স্থায়ী শান্তি চুক্তিই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে।

