পারস্য উপসাগরে উত্তেজনার মুখে আটকা পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ আবারও পিছু হটতে বাধ্য হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হরমুজ প্রণালি খুলে দেওয়ার খবরে জাহাজটি যাত্রা শুরু করলেও ইরানি কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় তা শেষ পর্যন্ত পার হতে পারেনি। কয়েক ঘণ্টা পর গভীর রাতে জাহাজটি পুনরায় নিরাপদ স্থানে ফিরে গিয়ে নোঙর করেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাত ১২টার পর ইরানি কর্তৃপক্ষের একটি বেতার বার্তা পাওয়ার পর জাহাজটিকে হরমুজ প্রণালি পার হতে দেওয়া হয়নি। এরপর জাহাজটি ‘মিনা সাকার’ নামক স্থানে ফিরে গিয়ে নোঙর করে।
জাহাজটিতে অবস্থানরত নাবিকদের সূত্র জানায়, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পেয়ে শুক্রবার রাতে হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু ইরানি বাহিনী পার হওয়ার অনুমতি না দিয়ে জাহাজটিকে পুনরায় পারস্য উপসাগরে ফিরে যাওয়ার নির্দেশনা দেয়।
এর আগে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করেছিলেন যে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি প্রণালিতে প্রবেশ করেছে এবং ভোররাত ৩টার মধ্যে এটি মুক্ত জলসীমায় পৌঁছাবে। তবে শনিবার সকালে তিনি জানান, শুধু বাংলাদেশি জাহাজই নয়, আরও প্রায় ৩০টি জাহাজ একইভাবে হরমুজ প্রণালি পার হতে গিয়ে বাধার মুখে আটকে পড়েছে।
বিএসসি সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে ‘বাংলার জয়যাত্রা’ পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। এরপর কাতার থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৮ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ঠিক সেই সময়ই মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করায় জাহাজটি সেখানে আটকা পড়ে। বর্তমানে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজটিকে নিরাপদ অবস্থানে রাখা হয়েছে।

