spot_img

যুদ্ধবিরতি আরও বাড়াতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়সীমা পার হওয়ার আগেই তা আরও দীর্ঘায়িত করতে দুই দেশ কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি বাড়ানোর অনুরোধ না করলেও ওয়াশিংটন এই আলোচনার বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত রয়েছে।

তিনি আরও ইঙ্গিত দেন যে, আলোচনার পরবর্তী ধাপ সম্ভবত অনুষ্ঠিত হতে পারে। শান্তি চুক্তিতে পৌঁছানোর আগের প্রচেষ্টাগুলো সফল না হলেও, বর্তমান আলোচনার অগ্রগতি নিয়ে হোয়াইট হাউস ইতিবাচক মনোভাব পোষণ করছে।

এদিকে, এই সংকট নিরসনে পাকিস্তান সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে তেহরানে অবস্থান করছে। প্রতিনিধিদলটি ওয়াশিংটনের বিশেষ বার্তা ইরানি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দ্বিতীয় দফার আলোচনার পরিবেশ তৈরিতে কাজ করছে। একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আঞ্চলিক শক্তিগুলোর সমর্থন আদায়ে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।

অঞ্চলটি থেকে পাওয়া বিভিন্ন সূত্রে জানা গেছে, ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী। তবে ইরানের পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়েছে। তেহরান চায়, পরবর্তী দফার আলোচনার আগে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তিনি এখনো যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ নন এবং দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসলামাবাদে দুই দেশের মধ্যকার আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে। এর প্রতিক্রিয়ায় ইরানও হুঁশিয়ারি দিয়েছে যে, অবরোধ প্রত্যাহার করা না হলে তারা পুরো উপসাগরীয় অঞ্চলের বাণিজ্যিক পথ বন্ধ করে দিতে পারে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দুই সপ্তাহ যুদ্ধবিরতি বাড়ানোর এই নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্র- ব্লুমবার্গ

সর্বশেষ সংবাদ

‘হাম মোকাবিলায় আমরা সক্ষমতার সঙ্গে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করছি’: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশে হামের প্রকোপ যে গতিতে বাড়তে ছিল...

এই বিভাগের অন্যান্য সংবাদ