দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভার পর বিসিবি-তে পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে চারজন পরিচালক পদত্যাগ করেছেন। ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান সভা শেষে পদত্যাগ করেন। এছাড়া ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলমও পদত্যাগ করেছেন।
এই পদত্যাগের ফলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের মাত্র ছয় মাসের মধ্যে সাতজন পরিচালক সরে দাঁড়ালেন। তবে বিসিবি এখনও কোনো পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা করেনি।
ফাইয়াজুর রহমান ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। শানিয়ান ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, মেহরাব সিকিউরিটি কমিটি, এবং মনজুর মেডিকেল বিভাগের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ গত ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। দু’একদিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

