২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। তবে এই নিয়োগের পর আবারও আলোচনায় এসেছে ২০২০ সালের একটি বহুল আলোচিত ঘটনা, যেখানে মাদক ও পতিতাবৃত্তি–সংক্রান্ত এক পুলিশ অভিযানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।
রবিবার (২০ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।
৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২৩ উয়েফা নেশনস লিগের স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন। এবারের বিশ্বকাপে এটি হবে তার ষষ্ঠ ম্যাচ।
তবে ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলিনা শহরে এক পুলিশ অভিযানে তার নাম আলোচনায় আসে। ওই অভিযানে মাদক, পতিতাবৃত্তি ও অস্ত্র চক্রের সন্দেহে একটি কেবিনে অভিযান চালিয়ে ভিনচিচকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযানে ৯ নারী, ২৬ পুরুষ, ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ জ্যাকেট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল স্থানীয় পুলিশ।
তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন ভিনচিচ। তার দাবি, তিনি কেবল পরিচিত একজনের আমন্ত্রণে সেখানে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন এবং পুরো ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।
আরও পড়ুন: স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে প্রথমবারের মতো ‘চ্যাম্পিয়নশিপ রিং’
ভিনচিচ বলেন, “আমি শুধু দুপুরের খাবারের আমন্ত্রণ গ্রহণ করেছিলাম। পরে বুঝেছি, সেটিই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”
পরবর্তীতে স্লোভেনিয়া ফুটবল ফেডারেশনও তার পক্ষে অবস্থান নেয়। ফেডারেশনের ভাষ্য ছিল, ভিনচিচ ‘ভুল সময়ে ভুল জায়গায়’ উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। এরপর থেকে তিনি নিয়মিতভাবেই আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন।
আর্জেন্টিনার সঙ্গে ভিনচিচের একটি পুরোনো স্মৃতিও রয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচেও প্রধান রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে তিনি ব্রাজিল–মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং মেক্সিকো–ইকুয়েডরসহ মোট পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন। এসব ম্যাচে তিনি ১৫টি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
বিশ্বকাপের ফাইনালে ভিনচিচের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশী টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

