আজও গণতান্ত্রিক সংস্কৃতির মূল্যবোধে বোঝার ঘাটতি রয়ে গেছে এমন শঙ্কা প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংসদীয় রাজনীতির চর্চা করতে গিয়ে কোনো কোনো মহল তার মাত্রা অতিক্রম করে ফেলে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মবকালচারে পরিণত করতে চায়। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার ৪৭ তম মৃত্যুবার্ষীকির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদ নির্বাচনকে নানানভাবে প্রশ্নবিদ্ধ ও বিলম্বিত করতে চেয়েছিল একটি মহল এমন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের হাত থেকে গণতান্ত্রিক রাজনীতির অন্যতম অনিবার্য অনুষঙ্গ বাস্তবায়ন হয়েছে ১২ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত করার মধ্য দিয়ে।
সকল মহলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের রাজনীতি ও উন্নয়নের একমাত্র সমাধান গণতন্ত্র ও অবাধ নির্বাচন, এর বাইরে যারা যতবারই গতিমুখকে পরিবর্তন করেছে ততবারই দেশে জাতীয় সংকট তৈরি হয়েছে।
তথ্য মন্ত্রী আরো বলেন, ধর্মীয় মূল্যবোধের সীমানা যদি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে পারলে দেশকে পরাজিত করার শক্তি থাকবে না । বর্তমান রাজনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র ও ধর্ম ব্যবসায়ীদের সাথে লড়াই এই তিন বৈশিষ্ট্য বিরাজ করছে বলেও মনে করেন মনে করেন তিনি।
এসময় প্রখ্যাত রাজনীতিবিদ যাদু মিয়ার স্মৃতি চারণা করে তিনি বলেন, শহীদ জিয়াকে ধানের শীষের নেতায় পরিণত করেছিলেন মশিয়ূর রহমান যাদু মিয়া। সেই ধারাবাহিকতায় ধানের শীষ হাতে তুলে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এখন তারেক রহমান যা বহন করছেন। এই ধানের শীষের দেখানো পথই হবে বাংলাদেশের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।

