ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার ঘটনায় প্রতিশোধ নেয়াকে দেশের ‘কর্তব্য ও বৈধ অধিকার’ বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা নিয়ে তেহরানকে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যেই ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া গেছে। খবর আল জাজিরা
এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেছেন, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলা একটি ভুল সিদ্ধান্ত ছিল এবং তা গুরুত্বপূর্ণ সময়ে দেশটিকে বিচ্ছিন্ন করেছে। তিনি তেহরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানান।
তিনি বলেন, ‘উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের আগ্রাসন ছিল ভুল। এতে গুরুত্বপূর্ণ সময়ে ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনাদের যুদ্ধ আপনাদের প্রতিবেশীদের সঙ্গে নয়।’
তিনি আরও বলেন, ‘বিচ্ছিন্নতা ও উত্তেজনার পরিধি আরও বাড়ার আগে বুদ্ধিবিবেচনায় ফিরুন, নিজের পরিবেশ-পরিস্থিতি বোঝার চেষ্টা করুন এবং প্রতিবেশীদের সঙ্গে যুক্তিসঙ্গত ও দায়িত্বশীল আচরণ করুন।’
অন্যদিকে হামলা পাল্টা-হামলার মধ্যে ওমান উপকূলে তেলবাহী জাহাজে হামলা হয়েছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘স্কাইলাইট’ ওমানের মুসান্দাম উপকূল থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল (৯ কিলোমিটার) দূরে হামলার শিকার হয়েছে।
এ ঘটনায় চারজন আহত হয়েছেন এবং ২০ জন নাবিককে জাহাজ থেকে সরিয়ে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। এর আগে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দু’টি ড্রোন দুকুম বন্দরে হামলা চালায়। ওই হামলায় এক বিদেশি কর্মী আহত হন।

