বিএনপি সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম আলো পরিদর্শন শেষে তিনি এমনটা জানান।
তিনি বলেন, প্রথম আলো পরিবারের দাবি অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তের দায়িত্ব আমরা নিতে পারি। বিচারের দায়িত্ব বিচার বিভাগের। এ বিষয়ে প্রশাসনর সবার সাথে কথা বলেছি। আগামী ২ মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় এমনটাও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম আলোর ঘটনায় আমরা সারাবিশ্বে লজ্জিত হয়েছি। সবার কাছে ভুল বার্তা গেছে। সবার কাছে বার্তা গেছে বাংলাদেশের সংবাদমাধ্যমে যখন খুশি আক্রমণ করা যায়। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে আমরা বিশ্বকে পাল্টা বার্তা দিবো। এমন কাজ করে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।
তিনি আরও বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আমাদের ইশতেহারের অংশ। আমরা গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবো। বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করা হবে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, এমন তাণ্ডব সভ্য সমাজের অংশ হতে পারে না। স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে আমাদের সম্মান ক্ষুন্ন হয়েছে।
প্রথম আলো পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও। তিনি বলেন, ধ্বংসযজ্ঞের নেপথ্যে যে সভ্যতাবিরোধী শক্তি কাজ করেছে তা উন্মোচিত হয়েছে। এমন অপশক্তি যেন সমাজে প্রশ্রয় না পায়। এজন্য সরকার ব্যবস্থা নেবে।

