ইসলামের সূচনালগ্নে মহানবী (সা.)-এর আত্মীয়দের মধ্যে যাঁরা তাঁর দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে একজন উবাইদাহ (রা.)। তাঁর উপনাম ছিল আবুল হারিছ। পিতা হারিছ ইবনে আব্দুল মুত্তালিব। মা সাখীলাহ বিনতে খুযা‘ঈ। তিনি রাসুল (সা.)-এর চাচাতো ভাই। বয়সের দিক থেকে ছিলেন রাসুল (সা.) থেকে ১০ বছর বড়। রাসুল (সা.)-এর কাছে তাঁর মর্যাদা ও গ্রহণযোগ্যতা ছিল খুব বেশি। (আত-ত্বাবাক্বাতুল কুবরা : ৩/৩৭পৃ., ক্র.১০; উসদুল গাবাহ : ৩/৪৪৯পৃ., ক্র.৩৫২৮; সিয়ারু আ’লামিন নুবালা ১/২৫৬পৃ.)
ইসলামগ্রহণ
উবাইদাহ ইবনে হারিছ (রা.) ইসলামের একেবারে সূচনালগ্নে মুসলমান হন, যখন রাসুল (সা.) অতি গোপনে-গোপনে যাদেরকে ভালো মনে করতেন ইসলামের দাওয়াত দিতেন। তখনও তিনি দারুল আরক্বামে অবস্থান করেননি। সালামা ইবনে আব্দ আল-আসাদী (রা.), আব্দুল্লাহ ইবনে আরক্বাম আল-মাখযুমি (রা.), উসমান ইবনে মাযউন (রা.) ও এই উবাইদাহ ইবনে হারিছ একই সময় ইসলাম গ্রহণ করেন। (উসদুল গাবাহ : ৩/৪৪৯পৃ.)
হিজরত ও ইন্তেকাল
তিনি তাঁর অপর দুই ভাই তুফাইল ও হুসাইন (রা.) এবং মিসতাহ ইবনে উসাসাহ-সহ মদিনায় হিজরত করেন। মদিনায় আসার পর রাসুল (সা.) উমাইর ইবনে হুমাম আল-আনসারি (রা.)-এর সাথে তাঁর ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। উভয়জন বদর যুদ্ধে শাহাদাতবরণ করেন। শাইবা ইবনে রাবিআহ তাঁকে হত্যা করে। যুদ্ধ শেষ হওয়ার পর রাসুল (সা.) তাঁকে সাথে করে মদিনার দিকে রওয়ানা হন। তিনি মারাত্মকভাবে আহত ছিলেন। সর্বশেষ ২য় হিজরি সনে রমজান মাসের শেষ দশকে ‘সফরা’ নামক স্থানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাসুল (সা.) তাঁকে সেখানেই দাফন করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩ বছর। (আত-ত্বাবাক্বাতুল কুবরা ৩/৩৮পৃ.; উসদুল গাবাহ ৩/৪৪৯—৪৫০পৃ.; সিয়ারু আ’লামিন নুবালা ১/২৫৬পৃ.)
সন্তান-সন্ততি
একাধিক উম্মেওয়ালাদ থেকে তাঁর সন্তানরা হলেন : মুআবিয়া, আউন, মুনক্বিয, হারিছ, মুহাম্মদ, ইবরাহিম, রাইত্বাহ, খাদিজা, সাখিলাহ ও সাফিয়্যা। (আত-ত্বাবাক্বাতুল কুবরা ৩/৩৭পৃ.)

