ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের ‘বৈধ অধিকার’ থেকে এক চুলও সরে দাঁড়াবে না—এমন মন্তব্য করেছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের রাজনৈতিক বিশিষ্টজন ও বিভিন্ন থিংক ট্যাংকের প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তেহরান ও ইসলামাবাদের মধ্যে আঞ্চলিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন ইরানি রাষ্ট্রদূত।
রেজা আমিরি মোগাদ্দাম বলেন, “ইরান যেমন যুদ্ধকে স্বাগত জানায় না, তেমনি নিজেদের বৈধ অধিকার থেকে সূচের অগ্রভাগ পরিমাণও আপস করবে না।”
তিনি গত জুনে ইসরায়েলের আরোপিত ১২ দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন জানানোয় পাকিস্তান সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে তেহরানের পক্ষে কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থন দেওয়ায় ইসলামাবাদকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের সাম্প্রতিক অধিবেশনে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘ষড়যন্ত্র’ ছিল। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় পাকিস্তানের প্রশংসা করেন তিনি।
এ সময় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরানি রাষ্ট্রদূত। তিনি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বা সংঘাত শুরু হলে তা কারও জন্যই মঙ্গলজনক হবে না।
সংযম ও সংলাপের আহ্বান জানিয়ে রেজা আমিরি মোগাদ্দাম বলেন, “আমরা আশা করি, বিদ্যমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধান হবে।”

