প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৮০ দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
“সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা, সাপ্লাই চেইন ঠিক রাখা, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যেন কোন সমস্যা না হয় এগুলো আমাদের অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, বিএনপির ইশতেহারের ওপর জনগণ রায় দিয়েছে। সেটি বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সব মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিকনির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও।

