যুক্তরাষ্ট্র যদি আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়, তবে পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় প্রস্তুত রয়েছে ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানছি।
এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান অচলাবস্থা নিরসনে তেহরান নমনীয় হতে প্রস্তুত। নির্দিষ্ট শর্ত পূরণ হলে ইরানের পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা সম্ভব। এ খবর জানিয়েছে রয়টার্স।
রাভানছির মতে, প্রস্তাবটির মূল লক্ষ্য হলো দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা। তিনি জোর দিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি হতে পারে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
তিনি আরও জানান, তেহরান একটি টেকসই ও সম্মানজনক চুক্তি চায়, যেখানে ইরানের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে।
বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প–এর দ্বিতীয় মেয়াদে ইরানের এ প্রস্তাব বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি অনুসরণ করেছিল। তবে তেহরানের সাম্প্রতিক বার্তা নতুন করে কূটনৈতিক আলোচনার পথ খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, ওয়াশিংটন এই প্রস্তাবে কীভাবে সাড়া দেয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো সমঝোতা সম্ভব হয় কি না।
সূত্র: রয়টার্স

