ইউরোপিয়ান ফুটবলের অন্যতম প্রতিযোগিতা উয়েফা নেশন্স লিগের ২০২৬-২৭ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। ড্রয়ের ফলেই নির্ধারিত হয়েছে কোন দল কাদের বিপক্ষে লড়বে।
এবারের আসরে সবচেয়ে বেশি নজর কাড়ছে লিগ ‘এ’-এর গ্রুপ ‘এ-৩’। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন-ইংল্যান্ড এর সঙ্গে একই গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। চতুর্থ দল হিসেবে রয়েছে চেক রিপাবলিক।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা স্পেনের বিপক্ষে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের লড়াই ফুটবলপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ইউরো ২০২৪-এর ফাইনালের উত্তেজনা। তার সঙ্গে গত দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার উপস্থিতি গ্রুপটিকে দিয়েছে ‘গ্রুপ অব ডেথ’-এর তকমা।
মূলত, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন পড়েছে আক্ষরিক অর্থেই ‘মৃত্যুকূপে’। গ্রুপ পর্বে তাদের লড়তে হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মতো পরাশক্তির বিপক্ষে। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আর্লিং হলান্ডের নরওয়েকে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিগ ‘এ’-এর ৩ নম্বর গ্রুপ নিয়ে। এখানে বর্তমান ইউরো ও নেশন্স লিগ জয়ী স্পেনের সঙ্গী হয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। ২০২৪ ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা জিতেছিল স্পেন। ফিফা র্যাঙ্কিংয়ের এক ও চার নম্বর দলের এই লড়াই গ্রুপ পর্বেই বড় উত্তাপ ছড়াবে। এছাড়া টানা দুই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া থাকায় এই গ্রুপটিই হয়ে উঠেছে আসরের সবচেয়ে কঠিন গ্রুপ।
লিগ ‘এ’-এর ৪ নম্বর গ্রুপে মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকা। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। এই গ্রুপের বাকি দুই দল ডেনমার্ক ও ওয়েলস।
ফ্রান্সের গ্রুপটিও বেশ কঠিন। গ্রুপ এ১-এ ফরাসিদের প্রতিপক্ষ ইতালি, বেলজিয়াম ও তুরস্ক। অন্যদিকে গ্রুপ এ২-এ জার্মানির সঙ্গী হয়েছে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর জুনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব বা ফাইনাল ফোর।

