spot_img

বাংলাদেশ ও গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন

অবশ্যই পরুন

ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র গ্রেনাডার সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের দুই দেশের মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এ সংক্রান্ত একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।

এই ঐতিহাসিক দলিলে নিজ নিজ দেশের পক্ষে সই করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং গ্রেনাডার হাইকমিশনার রাচের ক্রোনি।

বাংলাদেশ ও গ্রেনাডা উভয় দেশই ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। দীর্ঘ পাঁচ দশক ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দুই দেশের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান থাকলেও এতদিন কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক কাঠামো ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর এই অচলাবস্থার অবসান ঘটলো।

যৌথ ঘোষণা স্বাক্ষর শেষে হাইকমিশনার আবিদা ইসলাম এই পদক্ষেপকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “এটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী সেতুবন্ধন। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব এবং ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হিসেবে গ্রেনাডার অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিন্ন জোট গঠন করা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ঔষধ ও তৈরি পোশাক খাতের সক্ষমতা এবং ক্যারিবীয় অঞ্চলে গ্রেনাডার কৌশলগত অবস্থানকে ব্যবহার করে দুই দেশ বাণিজ্য ও শিল্প প্রসারে লাভবান হতে পারে।

অভিন্ন মূল্যবোধ অনুষ্ঠানে গ্রেনাডার হাইকমিশনার রাচের ক্রোনি বলেন, কমনওয়েলথভুক্ত রাষ্ট্র হিসেবে উভয় দেশ গণতন্ত্র, উন্নয়ন ও আইনের শাসনের অভিন্ন নীতিতে বিশ্বাসী। জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো চ্যালেঞ্জগুলো মোকাবিলায় এখন থেকে দুই দেশ জাতিসংঘ ও কমনওয়েলথসহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মে আরও জোরালোভাবে কাজ করতে পারবে।

সর্বশেষ সংবাদ

৫৪ বছরেও গণতন্ত্রের শান্তির মুখ দেখতে পেলাম না : সমাজকল্যাণ উপদেষ্টা

স্বাধীনতার পর ৫৪ বছর পার হলেও এ দেশে ক্ষমতার হস্তান্তর ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ