নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এর আগে সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন সরকারি চাকরিজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন তারা।
বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা রাজপথ ছাড়বেন না। তাদের অভিযোগ, বিগত দিনে বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ করা হয়নি।
এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় পে-কমিশন গঠন করা হলেও গেজেট প্রকাশ না হওয়ায় তাদের সঙ্গে অবিচার করা হয়েছে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও যমুনা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

