বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভিসার জন্য আবেদন করতে হবে। সৌদি নুসুক মাসার সিস্টেমের মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।
সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ের হজ–১ শাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুক সকল হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা বর্তমানে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চলমান রয়েছে।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক হজযাত্রীকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ সম্পন্ন করে অবশ্যই ‘ফিটনেস সনদ’ সংগ্রহ করতে হবে। এই সনদ ছাড়া কোনো হজযাত্রী এ বছর হজ পালনে যেতে পারবেন না।
ধর্ম মন্ত্রণালয় জানায়, প্রবাসী বাংলাদেশি হজযাত্রীসহ নিবন্ধিত সকল হজযাত্রীকে আগামী ২০ মার্চের মধ্যে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এরপর তারা সৌদি নুসুক মাসার সিস্টেমে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

