spot_img

জনগণের আস্থা ফেরাতে পুলিশকে হতে হবে প্রকৃত সেবক: অতিরিক্ত আইজিপি

অবশ্যই পরুন

পুলিশ যদি প্রকৃত অর্থে জনগণের সেবক হিসেবে কাজ করে, তবে আস্থার সংকট দূর হবে—এমন মন্তব্য করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত আইজিপি বলেন, থানায় আপ্যায়নের জন্য বরাদ্দ অর্থ অনেক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার না করে নানা অজুহাত দেখানো হয়—এটি পুলিশের কাজ নয়। এতে জনগণের কাছে পুলিশের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং আস্থার সংকট তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে, তবে দেশের প্রায় ১৮ কোটি মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই লাঘব হবে। একই সঙ্গে পুলিশের প্রতি তৈরি হওয়া ক্ষোভ ও অবিশ্বাসও দূর হবে।

আইন মান্যকারী জনগণ ছাড়া কোনো দেশ বা সমাজ টিকে থাকতে পারে না উল্লেখ করে তিনি বলেন, মতভেদ থাকতে পারে, তবে তা যেন কখনো দেশের স্বার্থ, অর্থনীতি ও সামগ্রিক কল্যাণের পরিপন্থী না হয়। এ ক্ষেত্রে অভিভাবক ও নাগরিকদের সচেতন ভূমিকা প্রয়োজন।

পুলিশ সদস্যদের সতর্ক করে অতিরিক্ত আইজিপি বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা ব্যক্তিগত হিংসা-ঈর্ষার কারণে তদন্ত ক্ষমতার অপব্যবহার করা যাবে না। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে, যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মো. হায়দার আলী খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ আনিসুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, নোয়াখালীর পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ