বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুসারেমেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

