spot_img

ইয়েমেন যুদ্ধে যোগ দিয়েছে মিশর, সৌদিতে পাঠিয়েছে বিপুল সেনা-যুদ্ধবিমান-হেলিকপ্টার

অবশ্যই পরুন

সৌদি আরবের প্রতি কায়রোর সমর্থনের কথা প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে ঘোষণা করার অনেক আগেই দেশটিতে সেনা ও সামরিক বিমান পাঠিয়েছে মিশর। পাশাপাশি সৌদি আরবের কৌশলগত বিভিন্ন স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করেছে দেশটি। মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

মিশরের এক সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। ওই সূত্র আরও জানান, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজও লোহিত সাগরের দক্ষিণ দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছে এগিয়ে গেছে।

এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। লোহিত সাগরের নৌপথের নিরাপত্তা এবং ইয়েমেনে হুতির হামলার হুমকি নিয়ে মিশরের উদ্বেগ বাড়ার মধ্যেই এসব নৌযান চলাচলের খবর সামনে এসেছে। গত আগস্টে বাব আল-মান্দেব প্রণালির কাছে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল মিশর। সে সময় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথের দিকে মোতায়েন করা হয়েছে।

আলাদাভাবে, আল জাজিরা আরবির উন্মুক্ত সূত্রভিত্তিক অনুসন্ধান বিভাগ গত মাসে জানায়, ফ্লাইট পর্যবেক্ষণের তথ্য থেকে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের চলাচল শনাক্ত করা হয়েছে।

এসইউ-বিএআই ও এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরের বিমান দুটি সৌদি আরবের পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে উড়তে দেখা যায়। পরে সেগুলোর সংকেত অদৃশ্য হয়ে যায়। এর মধ্যে একটি বিমানকে পরে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়। তবে আল ওয়াজহের কাছে লোহিত সাগরের উপকূলের দিকে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।

মিশরের এক সামরিক সূত্র মিডল ইস্ট আইকে জানান, দেশটি পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত বিভিন্ন স্থানে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও স্থাপন করা হয়েছে।
ওই সূত্র বলেন, ‘লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তা আলোচনা ও মতবিনিময় চলছিল। সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে দেয়া হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছানোই ছিল এর লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘মিশর ও সৌদি আরব সামরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছিল। তবে মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রাখতে হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি ও কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা ও সমন্বয় চলছিল।’

মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন আবদেলাত্তি
গেল সোমবার (৯ নভেম্বর), মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে মিডল ইস্ট আইয়ের অনুরোধ পাঠানোর কয়েক ঘণ্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন, সিসি সংসদের অনুমোদন পাওয়ার আগেই মিশরের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়।

ফ্রান্স ২৪-কে আবদেলাত্তি বলেন, ‘ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় সৌদি আরবের ওপর হামলা ও আগ্রাসনের পর কয়েক মাস আগেই সেখানে আমাদের উপস্থিতি শুরু হয়েছিল।’ তিনি আরও জানান, কায়রো এখন ওই মোতায়েন ‘আরও শক্তিশালী’ করার প্রক্রিয়ায় রয়েছে।

গত ১৭ অক্টোবর সৌদি আরবের অনুরোধ এলে দেশটির প্রতিরক্ষায় মিশরের সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান সিসি। এর পরদিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ ঘোষণা করে, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মিশর সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবে।

মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হয় এবং প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হয়।

১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। পরে ২৬ অক্টোবর আবার অধিবেশন বসে। ওই দিন সংসদ সদস্যরা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন। এই অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিঃশত্রুর আগ্রাসন থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন প্রেসিডেন্ট।

তবে সংসদের অনুমোদনে মিশরের সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন বা পরিধি প্রকাশ করা হয়নি। এমন সময়ে এসব তথ্য সামনে এল, যখন ইয়েমেনের হুতি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। উত্তেজনা বাড়তে থাকায় সৌদি আরবের প্রতিরক্ষা নিয়ে আলোচনায় ক্রমেই জড়িয়ে পড়ছে আঞ্চলিক শক্তিগুলো।

স্থল অভিযানে মতভেদ
মিশরের আরেকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের পরিধি নিয়ে দেশটির সামরিক নেতৃত্বের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। বিশেষ করে উত্তর ইয়েমেনে হুতির বিরুদ্ধে অভিযানে মিশরের স্থলসেনা অংশ নেবে কি না, তা নিয়ে মতভেদ দেখা দিয়েছে।

ওই কর্মকর্তা জানান, সিসি, সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার কমান্ডার এবং জাতীয় প্রতিরক্ষা পরিষদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকগুলোতে ইয়েমেনে স্থলসেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে মতবিরোধ দেখা গেছে। সূত্রটির দাবি, সৌদি আরবের সামরিক অভিযানে মিশরের অংশগ্রহণের পক্ষে ছিলেন সিসি। তার যুক্তি ছিল, সৌদি আরবে হামলা বাড়তে থাকায় আরও বিলম্বের কোনো যৌক্তিকতা নেই।

ওই সূত্র বলেন, ‘বর্তমান যুদ্ধে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মিশরের সামরিক সহায়তা চেয়েছে। মিশরের নিরাপত্তার স্বার্থেই এসব অভিযানে অংশ নেয়া প্রয়োজন। এর মাধ্যমে পানিসম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লোহিত সাগর ও সুয়েজ খাল সুরক্ষিত রাখা সম্ভব হবে। মিশরের জন্য সৌদি আরবের অর্থনৈতিক সহায়তাও দেশটির এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।’

গত ৩০ অক্টোবর মিশরের সংবাদমাধ্যমগুলো ব্যাংকিং সূত্রের বরাত দিয়ে জানায়, সৌদি আরব মিশরের কেন্দ্রীয় ব্যাংকে রাখা ৫৩০ কোটি ডলারের আমানতের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়াতে সম্মত হয়েছে। আমানতের মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়।

মিশরের জন্য সৌদি আরবের বৃহত্তর আর্থিক সহায়তার অংশ এই আমানত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতি নিয়ে দীর্ঘদিন ধরে চাপের মুখে রয়েছে দেশটি। সৌদি আরবকে রক্ষার প্রতিশ্রুতি সিসি প্রকাশ্যে দেয়ার দুই সপ্তাহেরও কম সময় পর আমানতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আসে। তবে আর্থিক এই ব্যবস্থার সঙ্গে কায়রোর সামরিক সিদ্ধান্তের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে- এমন প্রমাণ প্রকাশ্যে আসেনি।

গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এতে বলা হয়, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। পরবর্তীতে নভেম্বরে তুরস্কের সংসদ চুক্তিটি অনুমোদন করে। তবে এর অর্থ এই নয় যে তুরস্কের যুদ্ধরত সেনারা ইয়েমেনে মোতায়েন হবে। সৌদি আরবকে সহায়তায় তুরস্ক বা পাকিস্তানের সামরিক অবদানের সুনির্দিষ্ট ধরন এখনো প্রকাশ্যে জানা যায়নি।

স্থলসেনা পাঠানো এখনো ‘রেড লাইন’
এ মুহূর্তে সৌদি আরবের প্রতিরক্ষায় সহায়তা দেয়াই মিশরের প্রকাশ্যে ঘোষিত প্রতিশ্রুতি। তবে এই সহায়তা শেষ পর্যন্ত ইয়েমেনে মিশরের স্থলসেনা পাঠানো পর্যন্ত গড়াবে কি না, তা স্পষ্ট নয়।

মিডল ইস্ট আইকে সামরিক মোতায়েনের তথ্য দেয়া প্রথম সূত্রটি ইয়েমেনের যুদ্ধে শেষ পর্যায়ে মিশরের সেনাদের অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করেননি। তার মতে, বিমান ও নৌ অভিযানে হুতির সামরিক সক্ষমতা দুর্বল করার পর এমন পদক্ষেপ নেয়া হতে পারে।

ওই সূত্র বলেন, ‘১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধে যা ঘটেছিল, সে ধরনের একটি বহুজাতিক স্থলবাহিনীর অংশ হিসেবে মিশরের স্থলসেনা হস্তক্ষেপ করতে পারে। শুধু মিশরের সেনাদের দিয়ে নয়।’ এর আগে সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে ১৯৬২ সালে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করেছিল মিশর।

সে সময় সৌদি আরব-সমর্থিত রাজতন্ত্রপন্থি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত প্রজাতন্ত্রপন্থি বাহিনীকে সমর্থন করার জন্য তারা হাজার হাজার সৈন্য মোতায়েন করেছিল। এই অভিযান মিশরের জন্য ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতে পরিণত হয়। ১৯৭০ সালে মিশরের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগে দেশটির হাজার হাজার সেনা নিহত হন।

সর্বশেষ সংবাদ

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে বাংলাদেশ সরকার। সব প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বরের আগে দেশটিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ