spot_img

বাইরের বাহিনীর প্রবেশ ঠেকাতে মহড়া চালাচ্ছে চীন: তাইওয়ান

অবশ্যই পরুন

পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিমানবাহী রণতরি ও নৌবাহিনীর অন্যান্য জাহাজ নিয়ে সামরিক মহড়া চালিয়েছে চীন। সম্ভাব্য সংঘাতে যুক্তরাষ্ট্রসহ বাইরের দেশের সামরিক বাহিনীর প্রবেশ ঠেকানোর সক্ষমতা বাড়ানোই এ মহড়ার অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে তাইওয়ান। মঙ্গলবার (১১ নভেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু এ তথ্য জানান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পশ্চিম প্রশান্ত মহাসাগর ও আশপাশের এলাকায় চীনের সামরিক তৎপরতা বেড়েছে। এর মধ্যেই চীনের সামরিক মহড়ার বিষয়টি সামনে আনলেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী।

মঙ্গলবার পার্লামেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়েলিংটন কু বলেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন সামরিক মহড়া চালিয়েছে। এতে দেশটির লিয়াওনিং বিমানবাহী রণতরি এবং নৌবাহিনীর অন্যান্য প্রশিক্ষণবহর অংশ নেয়।

তিনি জানান, মহড়ার অন্যতম উদ্দেশ্য ‘অ্যান্টি-অ্যাকসেস/এরিয়া ডিনায়াল’ বা এ২এডি কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া। এ কৌশলের মাধ্যমে কোনো সংঘাতের সময় প্রতিপক্ষ বা বাইরের দেশের সামরিক বাহিনীর প্রবেশ ও কার্যক্রম সীমিত করার সক্ষমতা তৈরি করা হয়।

তাইওয়ানের ক্ষেত্রে এর অর্থ হলো, চীন দ্বীপটিতে সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যেন সহজে সহায়তা করতে না পারে, সেই প্রস্তুতি নেওয়া।

এর আগে গত সপ্তাহে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতার তথ্য প্রকাশ করেন। সেখানে বলা হয়, তাইওয়ানের উপকূল, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ১০০টির বেশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ চলাচল করছে।

একই সময়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির আশপাশে চীনের যুদ্ধবিমানের চলাচলও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক মহড়ার ঘোষণা দেয়নি।

এ বিষয়ে জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, লিয়াওনিং বিমানবাহী রণতরির পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রশিক্ষণ একটি নিয়মিত বার্ষিক কার্যক্রম। দূর সমুদ্রে দীর্ঘ সময় সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা যাচাই করাই এর উদ্দেশ্য। কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে এই প্রশিক্ষণ চালানো হয় না বলেও জানিয়েছিল মন্ত্রণালয়টি।

এদিকে আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে তাইওয়ানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ পরিস্থিতিতে চীনের সামরিক তৎপরতার ওপর নজর রাখছে বলে জানিয়েছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, এ ধরনের সামরিক শক্তি প্রদর্শন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগের বিষয়।

কু আরও জানান, চীনের সামরিক তৎপরতা পর্যবেক্ষণে বিভিন্ন বাহিনীর গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি মিত্র দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তাইওয়ান।

তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। দ্বীপটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক শক্তি ব্যবহারের পথও খোলা রেখেছে বেইজিং। তবে চীনের দাবি, তারা শান্তিপূর্ণভাবে পুনরেকত্রীকরণ চায়।

অন্যদিকে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের বক্তব্য, দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল তাইওয়ানের জনগণের।

সর্বশেষ সংবাদ

আইপিএল মিনি নিলামে আবারও নাম লিখালেন মোস্তাফিজ

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের।...

এই বিভাগের অন্যান্য সংবাদ