spot_img

থমাস মার্কেলের গ্রেপ্তারে পর ব্রাসেলস সফরে প্রিন্স হ্যারি ও মেগান

অবশ্যই পরুন

প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মঙ্গলবার ব্রাসেলস সফর করবেন। মেগানের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন থাকা তার বাবার বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি রাখার অভিযোগে মামলা হওয়ার কয়েক দিন পরই এই সফরে যাচ্ছেন তারা। সাসেক্সের ডিউক ও ডাচেস নামে পরিচিত এই দম্পতি ইউরোপীয় পার্লামেন্টে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের জন্য তৈরি হওয়া ঝুঁকি নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মেগানের বাবা থমাস মার্কেল গ্রেফতার হওয়ার পর এই প্রথম মেগাকে জনসমক্ষে দেখা যাবে। তার বাবার বিরুদ্ধে ‘শিশু পর্নোগ্রাফি রাখার’ একটি অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে ছয় বছর বসবাসের পর চলতি গ্রীষ্মে ব্রিটেনে ফিরে আসার পর বিদেশের মাটিতে কোনো প্রকাশ্য অনুষ্ঠানে এই প্রথম একসঙ্গে হাজির হচ্ছেন হ্যারি ও মেগান। সফরকালে তারা ‘দ্য লস্ট স্ক্রিন মেমোরিয়াল’ উদ্বোধন করবেন। এতে অনলাইনে নির্যাতন ও শোষণের শিকার শিশুদের ছবি প্রদর্শন করা হবে।

প্রাথমিকভাবে এই অনুষ্ঠানে হ্যারি ও মেগান দুজনেরই যৌথ বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে এখন শুধু হ্যারিই বক্তব্য দেবেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অধিকারকর্মীর সঙ্গে একটি প্যানেল আলোচনাতেও অংশ নেবেন তিনি। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি টেলিগ্রাফকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, বাবার গ্রেফতারের পর মেগান মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে জনসমক্ষে বক্তব্য দেওয়ার মতো অবস্থায় তিনি নেই।

এদিকে, টাইমস পত্রিকায় উদ্ধৃত মেগানের এক বেনামি বন্ধু জানিয়েছেন, হ্যারি অনুষ্ঠানে ‘শিশুদের নিরাপত্তা’ নিয়ে কথা বলবেন। ওই বন্ধু বলেন, ‘হ্যারির বক্তব্য থেকে যে যার মতো অর্থ খুঁজে নিতে পারেন। তার কথাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ রয়েছে।’

৮২ বছর বয়সী থমাস মার্কেলকে শুক্রবার ভোরে ফ্লোরিডার লেকল্যান্ডে অবস্থিত তার আবাসিক নিবাস থেকে এফবিআইয়ের কর্মকর্তারা আটক করেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মার্কেলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় দুই দশক ধরে ভাড়া নেওয়া লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি গুদামে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও সংরক্ষণ করে রেখেছিলেন। এসব উপাদানের মধ্যে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে তার নিজের যৌনভাবে স্পষ্ট ছবিও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে মার্কেলের সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে। গত মাসে ব্রিটিশ ট্যাবলয়েড সংবাদমাধ্যমগুলো জানায়, ফিলিপাইনে মার্কেলের সাবেক বাড়িতে শিশুদের যৌন নির্যাতনের ছবি পাওয়া গেছে। পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির পুলিশও এ অভিযোগের সত্যতা নিশ্চিত করে। তবে মার্কেল এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মেগান এক বিবৃতিতে বলেন, এসব অভিযোগে তিনি ‘গভীরভাবে মানসিকভাবে বিপর্যস্ত’। তিনি আরও জানান, এর আগে তাঁর বাবার বিরুদ্ধে ওঠা ‘উদ্বেগজনক ও অস্বস্তিকর’ অভিযোগের কারণে সন্তান আর্চি (৭) ও লিলিবেটের (৫) সঙ্গে টমাস মার্কেলের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি।

স্পেনের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আন্তোনিও লোপেজ-ইস্তুরিজের আয়োজনে মঙ্গলবারের এই অনুষ্ঠানে ডিজিটাল জগৎকে প্রতিটি শিশুর জন্য নিরাপদ করার জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হবে।

আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের সুরক্ষায় নীতিনির্ধারক, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সমাজের অন্যান্য অংশীজনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

প্রদর্শনীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতন ও ক্ষতির শিকার হয়ে মারা যাওয়া ৫০ শিশুর বড় আকারের ছবি স্থান পেয়েছে। শিশুদের বাবা-মায়ের মোবাইল ফোনের লকস্ক্রিনে থাকা ছবিগুলো সংগ্রহ করে এই প্রদর্শনীর জন্য ব্যবহার করা হয়েছে।

২০২০ সালের শুরুর দিকে হ্যারি ও মেগান রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তবে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এখনো এ ধরনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেন।

রোববার হ্যারি একটি ছোট শহরে আয়োজিত স্মরণ দিবসের অনুষ্ঠানে অংশ নেন। অন্যদিকে, তার বাবা রাজা তৃতীয় চার্লস লন্ডনের সেনোটাফ স্মৃতিসৌধে দায়িত্ব পালনকালে নিহত সেনাসদস্যদের স্মরণে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন। এ সময় দেশজুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

সর্বশেষ সংবাদ

আ. লীগ আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমের পর ফেরত না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ